মায়ের পায়ে সালাম করে বাসা থেকে বের হলেন বিএনপির প্রার্থী শাহাদাত

নজর২৪, চট্রগ্রাম- ভোট দেয়ার জন্য বাসা থেকে মায়ের পায়ে সালাম করে নগরের পশ্চিম বাকলিয়ায় যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

 

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি নগরের বাদশা মিয়া রোডের বাসা থেকে বের হন। শাহাদাত হোসেন পশ্চিম বাকলিয়ার বিএড কলেজে ভোট দেবেন।

 

বাসা থেকে বের হওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, ‘পশ্চিম বাকলিয়া, পাথরঘাটা ও জামালখানে আওয়ামী লীগের কর্মীরা ভোটকেন্দ্র দখল করে রেখেছে। গতকাল মঙ্গলবার রাতে বাকলিয়ার ৭ জন বিএনপির এজেন্টকে মা-র ধ-র করা হয়েছে।’

 

শাহাদাত হোসেন আরও বলেন, ‘আমি শেষ পর্যন্ত থাকবো। তাদের ভোট ডাকাতির মুখোশ সারাবিশ্বে জানাবো। প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে উঠেপড়ে লেগেছে। আমাদের সহযোগিতা করছে না প্রশাসন।’

 

প্রসঙ্গত, চসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এটি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন।

 

ভোটে একজন মেয়র, ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হবেন। এবার মেয়র পদের জন্য সাতজনসহ মোট প্রার্থী ২৩২ জন। ভোটার সংখ্যা সর্বমোট ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *