ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির: কাদের

নজর২৪, ঢাকা- সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করেছে, বিএনপি মহাসচিবের এই অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতা মির্জা ফখরুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দেন।

 

কাদের বলেন, ‘এদেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির। ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা-১০ আসন উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনও ভুলে যায়নি।’

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

করোনা ভ্যাকসিনের মতো জনসম্পৃক্ত ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, জনগণের মধ্যে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয়। দলটিকে রাজনৈতিক দল হিসেবে ভ্যাকসিন ইস্যুতে গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মতো এখনও আমলে নিবে না।

 

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন। দ্রুত ভ্যাকসিন এনে তিনি সেটিই প্রমাণ করেছেন। তার নির্দেশে কোথায় কোথায় অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে তার কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে।

 

শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণ খুশি দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন, অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *