নজর২৪, নোয়াখালী- দলীয় এক নেতার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে হরতাল ডেকে তা প্রত্যাহার করে নিয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই। তবে তখন বড়ভাইয়ের নির্দেশে হরতাল প্রত্যাহার করলেও আবারো নিজ এলাকায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন দেশজুড়ে আলোচিত সদ্যবিজয়ী এই মেয়র।
সোমবার সন্ধ্যায় বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ৩১ জানুয়ারি রবিবার কোম্পানীগঞ্জ উপজেলায় অর্ধদিবস হরতাল ডাকেন আবদুল কাদের মির্জা। এ সময় তিনি বলেন, ‘আমাদেরকে কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করতে দিচ্ছেন না। ওবায়দুল কাদের আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন। আমি কোনো রক্তচক্ষুকে ভয় করি না।’
ঘোষণা অনুযায়ী আগামী রোববার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি চলবে। হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলায় সব ধরনের যানবাহন ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সভা শেষে আবদুল কাদের মির্জা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির পর দলীয় হাইকমান্ড কোনো ধরনের ব্যবস্থা না নেয়ায় এ কর্মসূচি দেয়া হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করবে।
তিনি বলেন, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরীর দল থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। নাকে নিঃশ্বাস থাকা পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়া নোয়াখালীর জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিমকে অনেক শ্রদ্ধা করতাম, তিনি আজ মাতাল একরাম চৌধুরীর সুরে কথা বলেন। তিনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন।
সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।
