নির্বাচন ভবনে মওলানা ভাসানীর মেয়ে, সাক্ষাৎ পেলেন না সিইসির

নজর২৪ ডেস্ক- সুষ্ঠু ভোটের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে এসেছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। কিন্তু সিইসির দেখা পাননি তিনি।

 

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করতে না পেরে তার (সিইসি) একান্ত সচিবের কাছে দুটি অভিযোগের কপি জমা দেন মাহমুদা খানম ভাসানী।

 

টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন মাহমুদা খানম ভাসানীর ছেলে মো. মাহমুদুল হক। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি ওই পৌরসভায় ভোটগ্রহণ হবে।

 

সেখানকার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত দুটি অভিযোগ সিইসির দফতরে জমা দেন মাহমুদা খানম ভাসানী।

 

সেখানে তারা উল্লেখ করেন, অভিযোগ সংশ্লিষ্ট অডিও রেকর্ড, স্থিরচিত্র ও বিভিন্ন অভিযোগের কপি যুক্ত করা হয়েছে।

 

অভিযোগপত্র জমা দেয়ার পর মাহমুদা খানম ভাসানী সাংবাদিকদের বলেন, ‘আমরা আসছিলাম তার (সিইসির) সঙ্গে দেখা করতে। কিন্তু আমাদের সঙ্গে দেখা না করাটা দুঃখজনক। আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আসছিলাম। সুষ্ঠু নির্বাচন করা সিইসির দায়িত্ব।’

 

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, স্বাধীনতাযুদ্ধে মওলানা ভাসানীর যে অবদান, সেসব বিবেচনা করে হলেও দেখা করা উচিত ছিল সিইসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *