রিয়াজ-ফেরদৌস-পূর্ণিমাদের মুখে ‘নৌকা-নৌকা’ স্লোগান

বিনোদন ডেস্ক- তারা সবাই ঢাকাই সিনেমার তারকা। অভিনয় করে কখনও হাসান, কখনও কাঁদান মানুষকে। তবে সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে তাদের দেখা মিললো ভিন্ন চরিত্রে।

 

‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগান দিয়ে তারকারা মুখর করে তুললেন নগরের কাজীর দেউড়ি, জামাল খান, আন্দরকিল্লা এলাকা।

 

এ সময় সেলফি তুলে ভক্তদের আবদার মেটানোর পাশাপাশি চাটগাঁইয়া ভাষায়, গানের সুরে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা।

 

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সায়মন, চিত্রনায়িকা পূর্ণিমা, অরুণা বিশ্বাস, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, তানভীন সুইটি ভোট চেয়ে এই প্রচারণা চালান।

 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

 

এর আগে গতকাল রেজাউল করিম করিমের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি, তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা।’

 

রিয়াজ বলেন, ‘চট্টগ্রামের নগরপিতা হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি, রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে। তাই চট্টগ্রামবাসীর কাছে নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেন চট্টগ্রাম বিজয়ী হয় এই কামনা করি।’

 

তিনি বলেন, ‘চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস হয় না। মনে হয়েছে, বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। ইউরোপ-আমেরিকার যে ধরনের রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি।’

 

প্রচারণায় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘নৌকা মানে উন্নয়ন। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আমরা নৌকার পক্ষে আছি, চট্টগ্রামবাসীও নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *