চট্টগ্রাম সিটির মতো পরিবেশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ছিল না: সিইসি

নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, তা গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

 

আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

নুরুল হুদা বলেন, নির্বাচনে কোনো সহিংসতা কাম্য নয়। এ সময় সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে কয়েকজনের প্রাণ হারানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

 

সিইসি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা করবেন কিন্তু সেটা সহনশীল পর্যায়ে। এই নির্বাচন উপলক্ষে কয়েকজন নিরীহ ব্যক্তির জীবন চলে গেছে। এভাবে সংঘাত সংঘর্ষে জীবন চলে যাবে এটা হতে পারে না।

 

নির্বাচন উৎসবমুখর হওয়ায় মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের ধন্যবাদ জানান সিইসি।

 

নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনাদের কাছে একজন প্রার্থীর পরিচয় সে একজন প্রার্থীই। সে কোন দলের, কোন মতের, কোন গোত্রের সেটা পরিচয় নয়। প্রত্যেকেই তাদের নির্বাচনী প্রচারণা করবে। আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব আপনাদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *