নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের টিকা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ শনিবার রাজধানীর গুলিস্তানে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম এম.এ .আজিজের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, “করোনাভাইরাসের টিকা নিয়ে অনেকে অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। টিকা কিন্তু পৌঁছে গেছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে। এখন ক্রমান্বয়ে টিকা দেওয়া হবে। আমরা সবাই নির্ভয়ে করোনাভাইরাসের টিকা নেব। কেউ ব্ভ্রিান্তি ছড়াবেন না।
তিনি বলেন, এই টিকার তেমন কোনো পার্শপ্রতিক্রিয়া নেই। হয় তো একটু গা গরম হবে। গুজবে কেউ কান দেবেন না। বাকি সময়টা নিরাপদে থাকতে হলে আমাদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। যারা বিভ্রান্তি ছাড়াবে তাদের যেন আমরা সঠিকভাবে জবাব দিতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এসময় দেশের অভ্যন্তরে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জাগ্রত থাকার আহ্বান জানান শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ‘৭৫’র ১৫ আগস্ট আর বাংলাদেশে আসবে না, ১/১১ আর আসবে না। এটা কিন্তু মনে করা যাবে না। ষড়যন্ত্রকারীরা সারাজীবন ষড়যন্ত্র করবে। তারা সবসময় অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে। এই বিষয়ে সকলকে সতর্ক ও জাগ্রত থাকতে হবে। এ জন্য সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। নিজেদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো যাবে না। মহানগর আওয়ামী লীগ যদি শৃঙ্খালাবদ্ধ ও শক্তিশালী থাকে, তাহলে যে কোনো ষড়যন্ত্রই মোকাবিলা আমাদের জন্য সহজ হবে।’
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রসংশা করে তিনি বলেন, `মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানা তৃণমূল থেকে সংগঠনকে সাজাতে হবে। সংগঠনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে তৃণমূলের প্রতিটি ত্যাগী,পরিশ্রমী ও দক্ষ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
