প্রমাণ হয়েছে একরাম চৌধুরী একজন মাতাল: কাদের মির্জা

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সমাবেশে এমপি একরাম চৌধুরীর সমালোচনা করে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, গতকাল বলেছিলাম আজকে প্রমাণ হয়েছে একরাম চৌধুরী একজন মাতাল।

 

যে নেতা (ওবায়দুল কাদের) সারাজীবন দলের জন্য জীবন উৎসর্গ করেছে, স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে আজ সে নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলে কটূক্তি করে ‘কুলাঙ্গার-মাতাল’ একরাম চৌধুরী।

 

শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বসুরহাট রূপালী চত্বরে ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে একরামবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিকালে কোম্পানিগঞ্জের কাদের মির্জার নেতৃত্বে বিক্ষোভ হয়। মিছিল করে একরামুল করিম চৌধুরীর কুশপুতুল পোড়ান কাদের মির্জার অনুসারীরা।

 

কাদের মির্জা বলেন, একরাম চৌধুরী মদ্যপান করে আমাদের পরিবার সম্পর্কে মনগড়া বক্তব্য দিয়েছেন। ওবায়দুল কাদেরের পরিবার সম্পর্কে তার এমন বক্তব্যের জন্য তাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করতে হবে।

 

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এই একরাম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু চত্বরে লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে। এসময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা ও জেলার টেন্ডারবাজি, চাঁদাবাজি, চাকরি বাণিজ্যসহ অপরাজনীতি-দুর্নীতি বন্ধের দাবি জানান।

 

একরামুলের তোলা অভিযোগের বিষয়ে কাদের মির্জা বলেন, ‘মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন ওবায়দুল কাদের। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হন। ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। এরপর কারাগারে বসেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। আমাদের পরিবারের কেউ রাজাকার ছিলেন না। আমার বাবা শিক্ষকতা করতেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *