সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: “দরিদ্রদের আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ কাজের মান ও কাজের অগ্রগতি পরিদর্শন করেছে শেরপুর উপজেলা প্রশাসন।
ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার, ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে গিয়েছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী শেখ, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামসুন্নাহার শিউলী।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কুসুম্বি ইউনিয়নে ২০টি, গাড়িদহ ইউনিয়নে ০৬টি, খামারকান্দি ইউনিয়নে ০৩টি, খানপুর ইউনিয়নে ২২টি, মির্জাপুর ইউনিয়নে ১০টি, বিলাশপুর ইউনিয়নে ২৮টি, ভবানীপুর ইউনিয়নে ৪১টি, সীমাবাড়ি ইউনিয়নে ৩৩টি।
প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ১৬৩টি ঘর নির্মাণের কাজ চলছে পুরোদমে। কিছু কিছু ঘরের কাজ প্রায় শেষের দিকে। এখন রংয়ের কাজ চলছে। দুই রুম বিশিষ্ট বাড়িতে রয়েছে একটি রান্না ঘর ও টয়লেট। ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে সবুজ টিনের ছাউনিতে দৃশ্যমান ঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগছে।
পরিদর্শনকালে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী শেখ বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় শেরপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্যও পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। উপজেলায় ১৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ওই ঘর।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি খাস জমির ওপর গৃহনির্মাণ করে জমির দলিলসহ ১৬৩ উপকারভোগীর কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামসুন্নাহার শিউলী বলেন, ঘরগুলো নির্মাণ কাজের শুরু থেকে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি, উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবুর রহমান মজনু নিয়মিতভাবে নির্মান কাজ বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন।
ইউএনও নিজেই উপস্থিত থেকে দেখভাল করছেন। কাজে যেন কোনো রকমের অনিয়ম না হয় সেই দিকে তিনি সর্বদাই বিশেষ নজর রেখেছেন।
উল্লেখ্য, আসছে ২৩ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের ন্যায় বগুড়ার শেরপুরেও এই আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করবেন।
