নান্দাইলে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছেন ৬২ পরিবার

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং ঘর প্রদানের উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ প্রেস ব্রিফিং করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন বলেন- ২০১৬ সালে যে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে তাদের মধ্যে থেকে নান্দাইল উপজেলায় মোট ৬২টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। আগামী ২৩ জানুয়ারি শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নান্দাইল উপজেলার ৬২টি পরিবারকে কবলার দলিলাদি প্রদান করা হবে। এ প্রকল্পে প্রতি পরিবারের আবাসনে জন্য ১লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে এ উপজেলায় মোট ১ কোটি ৬০ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে।

 

প্রেস ব্রিফিংকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুল আলিম জানান, উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে ৯টি, মোয়াজ্জেমপুর ২টি, নান্দাইল ৮টি, চন্ডীপাশা ৬টি, গাংগাইল ৫টি, মুশুল্লী ১টি, সিংরইল ৯টি আচারগাঁও ৬টি, শেরপুর ৫টি, জাহাঙ্গীরপুর ১টি এবং চর বেতাগৈর ইউনিয়নে ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ গৃহগুলো দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *