নজর২৪, টাঙ্গাইল- দীর্ঘদিন ধরে চলছিল প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সম্পর্কের জের ধরে পালিয়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে। এরপর মঙ্গলবার (১৯ জানুয়ারি) তাদের দুই পরিবারের সম্মতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়া হয়। কিন্তু বাসর রাত পোহাতে বুধবার (২০ জানুয়ারি) সকালে নববধূ প্রেমিকার লাশ মেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়।
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার পশ্চিমপাড়া এলাকার গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাসাইল থানা পুলিশ নিহত নববধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বাসাইল জড়াশাহীবাগ এলাকার আবুল হাশেম খানশুরের কলেজ পড়ুয়া মেয়ে জান্নাতুল আক্তার তন্নীর সঙ্গে বাসাইল পশ্চিমপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাদেক আহমেদ সাইমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিনের সম্পর্কের জেরে গতকাল মঙ্গলবার তারা দুজনে পালিয়ে গিয়ে প্রথমে আদালতের মাধ্যমে বিয়ে করে। এরপর দুই পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিনে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের প্রথম রাত পোহাতে না পোহাতেই ওই ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তন্নীর লাশ পাওয়া যায়।
নিহত জান্নাতুল আক্তার তন্নীর মা বিউটি বেগম বলেন, ‘স্বামীর বাড়িতে মেয়েটি প্রথম রাত কাটায়। এরপর সকালে জানতে পারি মেয়েটি আত্মহত্যা করেছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না।’
এ ব্যাপারে তন্বীর দেবর শাকিল খান জানান, ভাই-ভাবী উভয়েই বিয়ের বয়সের জন্য উপযুক্ত। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ভাবীর (তন্বী) পরিবার বিয়ের কাবিনসহ অনুষ্ঠানিকতা শেষ করলেও মেয়ের প্রতি তারা নাখোশ ছিলেন। আজ (বুধবার) সকালে যখন ভাবী আমাকে এবং আমার ভাই সায়েমকে বাজার করতে পাঠান তখন তাকে খুব ভীষণ্ন লাগছিলো। ধারণা করা হচ্ছে- সকালে তার বাবা মা’র সাথে মোবাইলে ঝগড়া করার করে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছেন।
বাসাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন বলেন, ‘বাসর রাত শেষে সকালে মেয়েটির স্বামী বাজারে যায়। পরে ঝুলন্ত অবস্থার মেয়েটির লাশ পাওয়া যায়। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বুঝছি না।’
তন্বীর বাবা হাশেম খানশুর বলেন, আমি নিজে উপস্থিত থেকে বিয়ের কাজ সম্পন্ন করেছি। বিয়ের মাত্র একরাতের মাথায় মেয়ের মৃত্যুর ঘটনা সত্যিই মর্মান্তিক এবং এটা স্বাভাবিক বলে মেনে নেয়া যায় না।
তিনি বলেন, আত্মহত্যার প্ররোচনায় আমার মেয়েকে প্ররোচিত করা হয়েছে বলে আমার বিশ্বাস। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মামলার বিষয়ে এগিয়ে যাবো।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
