Home আলোচিত দিনাজপুর পৌরসভা: টানা ১১ বার হারলো আওয়ামী লীগ

দিনাজপুর পৌরসভা: টানা ১১ বার হারলো আওয়ামী লীগ

0
126

নজর২৪ ডেস্ক- টানা দশবারের পর দিনাজপুর পৌরসভা নির্বাচনে এবারও হার ঠেকাতে তৎপর ছিলেন প্রার্থীসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। কিন্তু এবার নিয়ে টানা ১১ বার হারলো আওয়ামী লীগ।

 

তীব্র দলীয় কোন্দল ও ভুল প্রার্থী বাছাইকে দায়ী করছে নেতা কর্মীরা। অন্যদিকে প্রার্থীর দাবি, দলের নেতা কর্মীদের অহসযোগীতাই এর কারণ। আবার বিএনপি বলছে, আওয়ামী লীগের অন্যায় আচরণের জবাব দিয়েছে পৌরবাসী।

 

গত শনিবার দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী প্রায় দ্বিগুন ভোটের ব্যবধানে জয় পান। আবার হারার কারণ নিয়ে চলছে নানা বিশ্লেষণ, অভিযোগ, পাল্টা অভিযোগ।

 

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন, “নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হোক এমনটি উপর মহলের অনেকেই চায়না।”

 

আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী রাশেদ পারভেজ বলেন, “আমার একান্ত শুভাকাঙ্খী ছাড়া কেউই সহযোগিতা করেনি।”

 

সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে নেই কিন্তু মুক্তিযুদ্ধের দল হিসেবে আওয়ামী লীগকে সমর্থন করে নৌকাকে জেতাতে মাঠে ছিলেন তাদের কয়েকজন বলছেন হারের কারণ দলের বিরোধ।

 

দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু বলেন, “ঐক্যবদ্ধভাবে তাদের নির্বাচনে নামা উচিত ছিল কিন্তু আমরা সেটা দেখিনি।”

 

পর পর তিনবার আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হওয়ার পর বিএনপি বলছে, বিভিন্ন সময়ে যে অন্যায় করা হচ্ছে তার জবাব ভোটে দিয়েছেন সাধারণ মানুষ।

 

দিনাজপুর পৌরসভা নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “ব্যালট যুদ্ধের মাধ্যমে জনগণ নিরব বিপ্লব ঘটিয়েছে।”

 

উল্লেখ্য, টানা তৃতীয়বারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচনে জয় লাভ করে হ্যাটট্রিক করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। ৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. রাশেদ পারভেজ নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২২৬ ভোট।

 

অন্যান্য প্রার্থীর মধ্যে লাঙ্গল প্রতীকে আহমেদ শফি রুবেল পেয়েছেন ৩ হাজার ৪৫৮ ভোট, হাতপাখা প্রতীকে হাবিবুর রহমান রানা পেয়েছেন ৫৭৩ ভোট এবং কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মেহেরুল ইসলাম পেয়েছেন ৪৭২ ভোট।

 

সৈয়দ জাহাঙ্গীর আলম ২০১১ সালে প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারে নির্বাচিত হওয়ার পর টানা তৃতীয়বারের মতো জয়লাভ করলেন তিনি।

 

এই পৌরসভায় মোট ভোটার ১ লাখ ৩০ হাজার ৮০৩ জন। মোট ভোট পড়েছে ৭৩ হাজার ৬৯৫, শতকরা হিসেবে যা মোট ভোটের ৫৬ শতাংশ।

 

নবনির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারে নির্বাচিত হওয়ার পর টানা তৃতীয়বারের মতো জয়লাভ করলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here