বেরোবি’তে ইউজিসির তদন্ত কমিটি, দেখাই করলেন না ভিসি

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে উত্থাপিত ১০৮টি অভিযোগের তদন্তে ক্যাম্পাস ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের তদন্ত কমিটি। এদিন ভিসি কলিমউল্লাহ রংপুরে উপস্থিত থাকলেও তদন্ত কমিটির সঙ্গে দেখা করেননি।

 

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সদস্য ড. ফেরদৌস জামান ও দুর্গা রাণী দাস রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসে আসেন। প্রথমে তার অভিযোগ ওঠা ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট, শেখ হাসিনা ছাত্রী হল ও স্বাধীনতা স্মারক প্রকল্প পরিদর্শন করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে কথা বলেন।

 

কুয়েটের সাবেক ভিসি ও তদন্ত কমিটির প্রধান আলমগীর হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, প্রকল্প গুলোর ডিপিতে যেভাবে উল্লেখ ছিলো, কার্যাদেশ দেয়ার পর তার ব্যত্যয় ঘটেছে বলে বিভিন্নভাবে জানতে পেরে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে সরেজমিনে দেখতে বলেছে। আমরা দেখলাম কি হওয়ার কথা ছিল আর কি ঘটেছে। আমরা আমাদের পর্যবেক্ষণ তুলে ধরবো।

 

কমিটির সদস্য ড. ফেরদৌস জামান, বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখে হতাশা প্রকাশ করে একে দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি উপাচার্যের অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, নিয়োগের শর্ত অনুযায়ী তার সার্বক্ষণিক উপস্থিতির বিষয়টি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যেমন চান, তেমনি ইউজিসিও চান।

 

এদিকে তদন্ত কমিটি আসলেও ভিসি কলিমউল্লাহ এদিনও ক্যাম্পাসে আসেননি। তার সঙ্গে কথা না বলেই তদন্ত কমিটি সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন। ভিসিবিরোধী অধিকার সুরক্ষা কমিটির নেতারা এদিনও তার সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে উপস্থিত হন।

 

অধিকার সুরক্ষা পরিষদের সভাপতি ড. মতিউর রহমান বলেন, ভিসির রংপুরে অবস্থান আমরা নিশ্চিত হয়েছি। আমাদের একজন সদস্যের সঙ্গে তার দেখা হয়েছে এবং তিনি তার বাংলোয় দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি ক্যাম্পাসে আসেননি।

 

ড মতিউর আরো বলেন, অভিযোগের ব্যাপারে আমরাও তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছি। ভিসির বিরুদ্ধে ওঠা ১০৮টি অভিযোগ ও এর প্রমাণ তাদের কাছে হস্তান্তর করেছি। শিক্ষার্থীরাও তাদের অভিমত তদন্ত কমিটির কাছে তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *