ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ: আলোচিত সেই তুফান সরকারের জামিন

নজর২৪, বগুড়া- বগুড়ায় এক ছাত্রীকে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় বিচারাধীন বহুল আলোচিত মামলার প্রধান আসামি ও শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকার অবশেষে জামিন পেয়েছেন।

 

রোববার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলুল হক এই জামিন আদেশ দেন।

 

এর আগে দুপুর ১২টার দিকে আসামি পক্ষের আইনজীবী আদালতের কাছে তুফানের জামিন আবেদন করেন।

 

বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জি এসব তথ্য নিশ্চিত করেন।

 

নরেশ মুখার্জি বলেন, ‘এই মামলা নিষ্পত্তিতে হাইকোর্ট ছয় মাসের সময় দিয়েছিল। কিন্তু, তিন বছর অতিক্রম হলেও মামলাটির নিষ্পত্তি হয়নি। তাই আদালত তাকে জামিন দিয়েছেন। তবে আমি এই জামিনের বিরোধীতা করি।’

 

২০১৭ সালের ১৭ জুলাই তুফান সরকার এবং তার সহযোগীরা এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ ও ভুক্তভোগীর মা ও মেয়েকে মাথা ন্যাড়া করে দেন। লোহার রড দিয়ে নির্যাতনও করেন। বিষয়টি মিডিয়ায় আসার পর পুরো দেশে ব্যাপক সমালোচনা হয়।

 

ওই ঘটনায় নির্যাতন ও ধর্ষণের অভিযোগ এনে ২৯ জুলাই শিক্ষার্থীর মা বগুড়া সদর থানায় তুফান, আশা, রুমকি, রুমি, রুনু, শিমুল, আতিক, রূপম, জিতু, দিপু এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে দুটি মামলা ক‌রেন। মামলার অন‌্যান‌্য আসামিরা জা‌মিন পে‌লেও তুফান জা‌মিন পা‌চ্ছি‌লেন না। সে সময় থেকে তুফান জেলে ছিলেন।

 

পরে নির্যাতনের মামলায় জামিন পেলেও ধর্ষণের মামলায় একাধিকবার জামিনের আবেদন করেও তার জামিন মেলেনি। তবে আজ ঘটনার প্রায় সাড়ে ৩ বছরের মাথায় তুফান জামিন পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *