টাঙ্গাইলে আঙুলের ছাপ নিয়ে ভোটারদের বের করে দেওয়ার অভিযোগ

নজর২৪, টাঙ্গাইল- টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটারদের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) রেখে তাদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

 

আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মনিরুজ্জামান বকুল (নারিকেল গাছ) ও বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান (ধানের শীষ) এ অভিযোগ তোলেন। ধনবাড়ী সরকারি ডিগ্রি কলেজ ৮ নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা এ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ইভিএম-এ ভোটগ্রহণ শুরু হয়। তবে ধনবাড়ী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে শুরু থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। এ কেন্দ্রে বেশ কিছু ভোটারের আঙুলের ছাপ নিয়ে তাদের করে দেওয়ার অভিযোগ ওঠে। দফায় দফায় এ কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকল বলেন, “আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের লোকজন আমার এজেন্টদের বের করে দিয়েছে। আর ভোটারদের ফিঙ্গার রেখে তাদের বের করে দিয়ে নৌকা মার্কায় ভোট দিচ্ছে। শুধু এ কেন্দ্রেই না, সব কেন্দ্রের এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ দেয়া হয়েছে। তবে তেমন কোনও ব্যবস্থা নেননি তিনি।

 

বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান বলেন, “ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজে ৮ নম্বর কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের ফিঙ্গার রেখে বের করে দিয়ে নৌকা প্রার্থীর সমর্থিতরা নৌকায় ভোট দিচ্ছে। এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে না। বেশিরভাগ কেন্দ্রে একই সমস্যা।”

 

ওই কেন্দ্রের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্ট রাশেদুজ্জামান লিটন বলেন, “আমার সামনেই আওয়ামী লীগের লোকজন নৌকা মার্কায় ভোট দিচ্ছে। বাঁধা দিলে আমাকে তারা বের করে দেয়।”

 

এ বিষয়ে জানতে ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা সুজন নাথের অফিসে গেলে তার কক্ষটি তালাবন্ধ পাওয়া যায়। কক্ষের সামনে পাহারায় থাকা আনসার সদস্য বলেন, স্যার বাইরে তালা দিয়ে ভেতরে বসে আছেন। পরে তিনি তালা খুলে দেন। তখন প্রিজাইডিং অফিসার বলেন, এখনও কেউ আমার কাছে অভিযোগ দেয়নি।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা করুণা সিন্ধু চাকলাদার বলেন, “ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *