‘ভোটে ব্যাপক অনিয়ম’, নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন কুলিয়ারচর বিএনপির মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক- শনিবার বেলা সাড়ে ১১টায় কুলিয়ারচরের বেতিয়ারকান্দি এলাকায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বাড়িতে এক সংবাদ সম্মেলনে কুলিয়ারচর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূরুল মিল্লাত ভোট গ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

 

তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণের কয়েকদিন আগে থেকেই প্রশাসন ও সরকারি দলের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়ি ঘরে গিয়ে হু’মকি দিয়েছে। অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে।

 

আজ ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। অনেককে মার’ধরও করা হয়। এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া অন্য কোন উপায় ছিল না।

 

এ সময় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল মজিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, এ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

 

তবে রিটার্নিং কর্মকর্তা আশ্রাফুল আলম অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিজে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কোন অনিয়মের অভিযোগ পাননি। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *