ভোটাররা কেন্দ্রে যেতে পারলে সবস্থানে ধানের শীষ জয়ী হবে : মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- আসন্ন পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচনে ধানের শীষের প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে, ভোট চুরি ও ডাকাতি করে যদি না নেয়া হয় তাহলে অবশ্যই বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করবে।’

 

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

বিগত পৌরসভা নির্বাচনগুলোতে সরকারদলীয় লোকেরা জোড় করে ভোট ছিনিয়ে নিয়ে গেছেন এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব বলেন,‘এখন পর্যন্ত যে কয়েকটি পৌরসভার নির্বাচন দেখেছি, প্রায় বেশিরভাগ কেন্দ্রেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট ডাকাতি করে নিয়েছে। ঠিক ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতো।’

 

দলীয় নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার মূল উদ্দেশ্য তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

 

মির্জা ফখরুল আরো বলেন,‘সরকারের উচিত হবে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সেইসঙ্গে জনগণকে ভোট দেয়ার সুযোগ করে দেয়া। তবে, এই নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় হবে।’

 

সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন,‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলুন একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করতে। কি করছেন আপনারা? আজকে যারা রাজনীতি করেন তারা নিজের দিকে একবার তাকান না।

 

আজকের এই সরকার জাতির সমস্ত আশা আকাঙ্খাকে ধ্বংস করে দিয়েছেন। উন্নয়ন বিএনপিও চায়, কিন্তু সেই উন্নয়ন মানে সাধারণ জনগণের পকেট কেটে রাস্তায় নামিয়ে দেওয়া নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *