নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে রাষ্ট্র ব্যার্থ হতে বাধ্য। আর সেজন্য স্বাধীনতার ৫০তম বছরে এসেও আমাদের ন্যায় বিচারের জন্য রাজপথে আন্দোলন করতে হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগে যুব অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, মানুষের অধিকার আদায়ে পাকিস্তানের আমলে আমাদের যেমন রক্ত ঝড়াতে হয়েছে, আজ স্বাধীনতার ৫০ বছর পরেও আমাদের অধিকার আদায়ে রাজপথে রক্ত ঝড়াতে হচ্ছে। পাকিস্তানি হায়েনাদের থেকে মুক্ত হয়ে আমরা কোন হায়েনাদের শাসনের মধ্যে পরলাম সেটি এখন ভাববার বিষয়।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অর্থপাচার করে তাদের তালিকা ওনার হাতে আছে। আমি মনে করি, যারা অর্থপাচার করে তাদের বড় একটি অংশ বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আমি প্রধানমন্ত্রীকে বলব, দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর আপনি যদি ব্যবস্থা নিতে অক্ষম হন তাহলে এদের তালিকা প্রকাশ করুন। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এদের বাড়ি-ঘরের ইট খুলে সাধারণ নাগরিকদের দিয়ে দেব।’
নুর বলেন, ‘দেশে এখন অরাজকতা চলছে। চাল-তেলের দাম লাগামহীনভাবে বাড়ছে। এতদিন পেঁয়াজের চড়া দাম ছিল। এখন আবার ভারতীয় পেঁয়াজের আমদানিতে কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছে না। এর মূলে রয়েছে একটি সিন্ডিকেট। এরাই দেশের সব অপকর্মের সঙ্গে জড়িত। দেশে জবাবদিহি না থাকায় এসব হচ্ছে।
