Home আলোচিত মামুনুল হককে মঞ্চে উঠতে দেওয়া হলো না, ফিরে গেলেন ঢাকায়

মামুনুল হককে মঞ্চে উঠতে দেওয়া হলো না, ফিরে গেলেন ঢাকায়

0
82

নজর২৪, সিলেট- সিলেটের গোলাপগঞ্জে একটি ওয়াজ মাহফিলে এসে মঞ্চে উঠতে পারেননি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মামুনুল হক।

 

মঙ্গলবার রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করার কথা ছিল তার।

 

প্রশাসনের বাধার মুখে মঞ্চে না উঠেই তাকে চলে যেতে হয়। শেষপর্যন্ত মামুনুল হককে ছাড়াই মাহফিল শেষ হয়।

 

এ সময় মাহফিলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

জানা যায়, উপজেলার ভাদেশ্বরের শেখপুরে শাহী ঈদগাহে শেখপুর তরুণ সংঘ ওয়াজ মাহফিলের আয়োজন করে। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মামুনুল হক। মাহফিলে যথাসময়ে প্রধান বক্তা উপস্থিত হলেও পুলিশ তাকে মঞ্চে উঠতে দেয়নি।

 

প্রশাসনের কোনো অনুমতি না থাকায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়ার জন্য হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে বক্তৃতা রাখতে দেওয়া হয়নি। মঞ্চে উঠার আগেই ইসলামী এই বক্তাকে মাহফিল স্থল থেকে ফিরিয়ে দেয় প্রশাসন।

 

জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে এ আশঙ্কায় তাকে ওয়াজ মাহফিলে বয়ান দিতে দেওয়া হয়নি। প্রশাসনের অনুমতিও ছিল না এ ওয়াজ মাহফিলের। আয়োজক কমিটি অনুমতি নেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here