Home জাতীয় কেউ মারা গেলে ডিসি, এসপি ও রিটার্নিং কর্মকর্তার রেহাই নেই: কাদের মির্জা

কেউ মারা গেলে ডিসি, এসপি ও রিটার্নিং কর্মকর্তার রেহাই নেই: কাদের মির্জা

0
124

নজর২৪, নোয়াখালী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভায় দলীয় প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, নির্বাচনে নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা নিরপেক্ষ থাকবেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি অনিয়ম করে তার খবর আছে।

 

তিনি বলেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও তার ছেলে সাবাব চৌধুরী বাড়িতে অস্ত্র এনেছে। যদি নির্বাচনের দিন কোনো লোক মারা যায় কিংবা কোনো লোক আহত হয় অথবা কারও ঘরে অগ্নিসংযোগ করা হয়, তবে ডিসি, এসপি ও রিটার্নিং কর্মকর্তার রেহাই নেই।’

 

আজ সোমবার সকালে বসুরহাটের রূপালী চত্বরে আয়োজিত নির্বাচিত সমাবেশে এসব কথা বলেন আবদুল কাদের মির্জা।

 

এদিকে নির্বাচন ঘনিয়ে আসছে অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপন ভাই ওবায়দুল কাদেরকে পাশে না পেয়ে আক্ষেপ করেছেন ভাই আবদুল কাদের মির্জা। ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য হিসেবে সুষ্ঠু ভোট আয়োজনে আপনারও দায়িত্ব রয়েছে।’

 

ওবায়দুল কাদেরের উন্নয়নের প্রশংসা করে বসুরহাট পৌরসভার এই মেয়রপ্রার্থী বলেন, ‘নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বসুরহাট ও কবিরহাট এলাকার এমন কোনো জায়গা নেই যেখানে মন্ত্রী ওবায়দুল কাদেরের উন্নয়নের ছোঁয়া লাগেনি।’

 

আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি অন্যায় অসত্যের বিরুদ্ধে কোনো আপোষ করব না। আগামী ১৬ জানুয়ারির নির্বাচনকে অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু হতে হবে।’

 

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘এক যুবলীগ নেত্রী আমাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করেছেন, হুমকি দিয়েছেন। মোবাইল প্রযুক্তি ব্যাবহার করে ওই নারীর নাম ঠিকানা পরিচয় পাওয়া গেলেও, ডিসি এসপি এবং নির্বচনের রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি।’

 

‘আমি এসব কথা বললেই কেন্দ্রের নেতারা ক্ষেপে যান। ১৬ জানুয়ারির ভোটে যে কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠবে, সঙ্গে সঙ্গে সে কেন্দ্রের ভোট বন্ধ হয়ে যাবে। আমি যদি অনিয়মের ভোটের সঙ্গে জড়িত থেকে বিজয়ী হই, তবে সেই দিনেই যেন আমার মৃত্যু হয়’, যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here