মুক্তমত ডেস্ক- জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সমাজে ধর্ষণ ও এ সংক্রান্ত অপরাধের কিছু কারণ উল্লেখ করে তার ভেরিফাইড পেজে পোস্ট দেন।
তিনি লিখেন, ‘সময়ের কাজ সময়ে করতে হয়। বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়। ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে সারা জীবন। যৌবন আল্লাহর দেয়া এমন এক অমূল্য নেয়ামত, যেটা নবায়নযোগ্য নয়। তাই যৌবনের শুরুতেই বিয়ে করুন এবং হালাল পন্থায় যৌবনকে উপভোগ করুন।
অন্ন, বস্ত্র এবং বাসস্থানের মতোই বিয়েও একটি মৌলিক অধিকার। এটি একটি সহজাত বিষয়, যেটাকে ইগনোর করার কোন সুযোগ নেই। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশে একটি ছেলে অথবা মেয়ে গড়ে পনেরো-ষোল বছর বয়সেই পরিপূর্ণ সেক্সুয়াল অ্যাবিলিটি লাভ করে থাকে। কিন্তু তারা বিয়ের পিড়িতে গিয়ে বসে আরো দশ-পনেরো বছর পর। এই লম্বা সময় ধরে যৌন ক্ষুধা নিবারণের কোনও বৈধ সুযোগ কি তাদের হাতে রয়েছে? না, নেই। উপরন্তু বিয়ের প্রশ্ন উঠলেই আসে সামাজিক যতো নিয়ম কানুনের দোহাই।
আজহারী আরও লিখেন, একটি মুসলিম সমাজে এটা অপ্রত্যাশিত, অমানবিক এবং সুস্পস্ট মানবাধিকার লঙ্ঘন। সন্তানের খাদ্য, শিক্ষা কিংবা চিকিৎসা ইত্যাদি চাহিদা মেটাতে, অভিবাবকগণ যতোটা সজাগ এবং সিরিয়াস, প্রাপ্তবয়স্ক সন্তানদের বৈধভাবে যৌন চাহিদা মেটানোর বন্দোবস্ত করাতে তারা ঠিক ততোটাই উদাসীন। নানান অজুহাত, বাহানা আর সামাজিকতার দোহাই দিয়ে, বিয়েকে দিনকে দিন জটিল থেকে আরো জটিলতর করা হচ্ছে’।
তিনি লিখেন, মৌলিক এই চাহিদা মেটানোর বৈধ উপায় যেহেতু রুদ্ধ, তাই অবৈধ উপায়গুলো সেই স্থান দখল করে নিবে, এটাই তো স্বাভাবিক। ফলে হারাম রিলেশনশিপ, পর্ণগ্রাফি উপভোগ এবং ধর্ষনের মত জঘন্য ঘটনাও আজ দেশের রুটিন নিউজে পরিনত হয়েছে। তাই, নতুন প্রজন্মকে এই ধ্বংস আর অবক্ষয় থেকে রক্ষা করতে, অভিবাবকদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
আসুন, আমরা অভিবাবকগণও আরো একটু মানবিকতার চর্চা করি। বৈধভাবে যৌন চাহিদা মেটানোর সুযোগকে, প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য আরো সহজলভ্য করে তুলি। আমাদের অবহেলায়, আমাদের আদরের সন্তানেরা হারাম সম্পর্কে জড়িয়ে পড়লে, অভিভাবক হিশেবে আল্লাহ তা’আলার দরবারে আমরা কোনভাবেই এর দায় এড়াতে পারবনা। তাই, আসুন সবাই মিলে— টাইমলি ম্যারেজকে “হ্যা” বলি, আর বিবাহ বহির্ভূত সকল রিলেশনশিপকে “না” বলি। বিয়েকে সহজ করুন, দেখবেন অশ্লীলতার সকল পথ আপনাতেই রুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, উল্লেখ্য, তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে ক’জন ইসলামি চিন্তাবিদ রয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম।
দেশে গত কয়েক বছর ওয়াজ মাহফিল করে অসংখ্য অনুসারী তৈরি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অনুসারীর সংখ্যা ৪০ লাখের উপরে।
বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই আলেম। তবে সেখান থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবার ইউটিউবে ধর্মীয় পরামর্শ দেয়ার লক্ষ্যে সম্প্রতি চ্যানেল করেছেন মিজানুর রহমান আজহারী।
