মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। নৌকা প্রতীকে লড়বেন বর্তমান মেয়র সালমা আক্তার ও ধানের শীষ প্রতীকে লড়বেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ।
দলীয় সুত্র জানায়, আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আ.লীগের ৬ প্রার্থী দলের কাছে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বর্তমান মেয়র সালমা আক্তার, সাবেক মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু, পৌর আ.লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, পৌর আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন। এদের মধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সালমা আক্তার।
বিএনপিতে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ। তবে জাতীয় পার্টি থেকে কোন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেনি।
গত ৩০ ও ৩১ ডিসেম্বর সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার উম্মে তানিয়ার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ মেয়র প্রার্থী। আগামী ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
এদিকে পৌর আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শুক্রবার (০৮ জানুয়ারি) বর্তমান মেয়র সালমা আক্তারকে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এ নির্বাচনে মোট ৯টি ওয়ার্ড থেকে ৩০ জন পুরুষ ও সংরক্ষিত ৩ আসনে ১১ জন নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করবেন। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে মির্জাপুর পৌরসভার ভোটগ্রহণ মোট ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ৬৬৯ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ২০৪ ও নারী ১১ হাজার ৪৬৫ জন।
