ছাত্রলীগ ধান কেটে দেওয়ায় খাদ্য সংকট হয়নি: ত্রাণ প্রতিমন্ত্রী

নজর২৪, ঢাকা- করোনাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ায় দেশের মানুষ খাদ্য সংকট থেকে বেঁচে গেছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

 

বুধবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মাঝে ছাত্রলীগের শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

ডা. এনামুর রহমান বলেন, করোনার সময় যখন বন্যা দেখা দিয়েছে তখন ধান কাটার শ্রমিক ছিল না। সে সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে কৃষকদের ধান কেটে দিয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলে ধান কাটা খুবই প্রশংসিত হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষও জানতে পেরেছে, ছাত্রলীগ মানবতার কল্যাণে কাজ করে।

 

তিনি আরও বলেন, করোনার সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাত কোটি মানুষকে ডাটাবেজের আওতায় এনে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় এ কাজে সহযোগিতা করেছে।

 

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইমরান জমাদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে আল নাহিয়ান খান জয় বলেন, “দেশ ও জনতার জন্য কাজ করতেই বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এখনও কৃষকের ধান কাটা থেকে শুরু করে মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে ছাত্রলীগ শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।”

 

তিনি বলেন, “দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ ছাত্র সংগঠন নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে এখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্রলীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অনেকেই ছাত্রলীগের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *