Home আলোচিত ভাস্কর্য বিরোধীদের মরণ ঘণ্টা বাজবে ৯ জানুয়ারি: শামীম ওসমান

ভাস্কর্য বিরোধীদের মরণ ঘণ্টা বাজবে ৯ জানুয়ারি: শামীম ওসমান

0
103

নজর২৪, ঢাকা- যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হাত দিয়েছে, হাতুড়িপেটা করেছে আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে তাদের মরণ ঘণ্টা বাজানো হবে। যে দিন থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেয়া হয়েছে সেদিন থেকে হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।

 

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান এক কর্মী সমাবেশে এসব কথা বলেন।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জ যখন ঘণ্টা বাজায় সারা বাংলাদেশে তখন ঘণ্টা বাজে। আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে এই ঘণ্টা বাজাবো। এ ঘণ্টার এমন আওয়াজ হবে সেই আওয়াজে ভাস্কর্য বিরোধীদের হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে।

 

গতকাল (২৮ ডিসেম্বর) সোমবার রাতে বন্দর উপজেলার সুরুজ্জামান টাওয়ারে বন্দর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রাসেল, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘আমি আগামী ৯ জানুয়ারি দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমাবেশের ডাক দিয়েছি। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় কর্মী সমাবেশ করেছি। আজকে বন্দরে করছি। আমি এই সভা থেকেই সবাইকে দাওয়াত দিলাম। আপনাদের মাধ্যমে মেয়র মহোদয়কেও দাওয়াত দিলাম।

 

উনি (মেয়র আইভী) জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আমি বক্তা হিসেবে থাকবো, আপনি (মেয়র আইভী) প্রধান অতিথি হিসেবে থাকেন। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাহলে প্রধান অতিথি হিসেবে আসেন। সব আয়োজন আমিই করব, আপনি আসেন, একসঙ্গে কাজ করেন।’

 

শামীম ওসমান বলেন, স্বাধীনতার বিরোধী ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংস করে দেয়ার খেলা খেলছে। কিন্তু এই দেশকে আফগানিস্তান বা সিরিয়া হতে দেওয়া হবে না। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদের প্রতিহত করবো।

 

দেশের ইতিহাস তুলে ধরে শামীম ওসমান বলেন, আমার দাদার বাড়ি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে। বাংলাদেশের সংবিধানের খসড়া লেখা হয়েছে এই বাড়ি থেকে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বিএনপি জামাত জোট সরকার পর্যন্ত সকল জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই নারায়ণগঞ্জ। দেশের বিরুদ্ধে বর্তমান ষড়যন্ত্র প্রতহিত করতে আবারো আমাদের মাঠে নামার প্রয়োজন হয়েছে। আমরা মাঠে নামবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here