ইসলাম অবমাননার অভিযোগে সরিয়ে নেয়া হলো ‘কমান্ডো’র টিজার

বিনোদন ডেস্ক- সদ্য মুক্তি দেয়া হয় কলকাতার দেব অভিনীত ও শামীম আহমেদ রনী পরিচালিত বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র টিজার। যা মুক্তির পর পরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শেষ পর্যন্ত সমালোচনার মুখে ছবির টিজারটি ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

 

ছবির পরিচালক শামীম আহমেদ রনী বলেন, টিজারের কিছু অংশ দেখে দেশের ধর্মপ্রাণ মুসলিমরা কষ্ট পেয়েছেন। আমি এবং আমার প্রযোজক তাদের বলতে চাই, আমাদের কোনও উদ্দেশ্য ছিল না পবিত্র কলেমা কিংবা ইসলামের অবমাননা।

 

পরিচালক রনী বলেন, পুরো ছবিটা দেখলে উল্টো সবাই বুঝতে পারবে আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি। বরং যারা অপব্যাখ্যা করে ‘কমান্ডো’ ছবিটি তাদের বিরুদ্ধে।

 

এই পরিচালক আরো বলেন, আমি বা আমার প্রযোজক সেলিম খান দুজনেই মুসলিম। ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবোও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় আমি, আমার টিম দুঃখ ও ক্ষমা চাইছি।

 

শামীম আহমেদ রনী বলেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘কমান্ডো’র টিজারটি দেবের চ্যানেল থেকে সরিয়ে দিয়েছি। যারা টিজারটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, তাদেরকেও সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করছি।

 

প্রযোজক সেলিম খান বলেন, ‌‘টিজারের একটি দৃশ্য দেখে বলে দেওয়া যায় না সিনেমার পুরো গল্প কী হবে! আমি নিজেও একজন মুসলিম। চাঁদপুরের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি। সেখানের ৯৫ শতাংশ লোক মুসলিম। তারা জানেন আমাকে। আমি নিজের টাকায় সেখানে একটি মসজিদও করছি। তাই ইসলামকে অবমাননা করার মতো স্পর্ধা বা সাহস আমার নেই।’

 

‘কমান্ডো’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন দেব। তার নায়িকা জাহারা মিতু। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা রয়েছে।

 

উল্লেখ্য, ‘কমান্ডো’র প্রথম টিজার প্রকাশের পরপরই অনেকে সিনেমাটিকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রয়াস বলে মনে করছেন। সিনেমায় ইসলামকে অবমাননা করা হয়েছে দাবি করেন আব্দুল্লাহ হাই সাইফুল্লাহ নামের একজন মাওলানাও। ফেসবুকে জনপ্রিয় এই ব্যক্তি টিজার থেকে সিনেমার স্ক্রিনশট নিয়েও পোস্ট দেন। তিনি ‘কালেমা’র ব্যবহারকে জঙ্গিবাদের সিম্বল হিসেবে দেখানো হয়েছে বলে মন্তব্য করেন। এরপর এমন অনেকের ক্ষোভে মুখর হয়ে উঠে ফেসবুক। তাই বাধ্য হয়ে তিন দিনের মাথায় টিজারটি সরিয়ে নিলো কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *