ক্ষমতার চেয়ার ও কারাগার খুব পাশাপাশি থাকে: প্রধানমন্ত্রী

নজর২৪, ঢাকা- ক্ষমতার চেয়ার ও কারাগার খুব পাশাপাশি থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (২৭ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কেরাণীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধনকালে এ মন্তব্য করে তিনি।

 

এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজের কারাবন্দি হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার ও কারাগার খুব পাশাপাশি থাকে। যেটা খুবই স্বাভাবিক। ২০০৭ এ যেটা হয়েছে, ক্ষমতা ছাড়াও কিন্তু সবার আগে আমাকেই গ্রেফতার করা হয়েছিল। কাজেই সেটা আমরা জানি, রাজনীতি করতে গেলে এটা হবে।

 

প্রধানমন্ত্রী বলেন, নানা অপরাধে যারা জেলে যায় তাদের পরিবার অনেক কষ্ট ভোগ করে থাকে। তাদের কথা বিবেচনা করে প্রশিক্ষণের মাধ্যমে জেলে থাকা কয়েদিদের বিভিন্ন উৎপাদনখাতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিভিন্ন পণ্য উৎপাদন করছে। যার প্রাপ্ত অর্থের অর্ধেক কয়েদিদের দেয়া হচ্ছে কিংবা জমা রাখা হচ্ছে। সেই টাকা তারা নিজের কাছেও রাখতে পারেন আবার পরিবারের কাছে পাঠাতে পারেন।

 

কারাগার থেকে বেরিয়ে যেন আগের মতো অপরাধমূলক কাজে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই কারাগারগুলোতে প্রশিক্ষণ ও বসবাসস্থলের মান উন্নয়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

 

কারাগারগুলোতে ভার্চুয়াল কোর্ট চালু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘কেরানীগঞ্জের কারাগারেও ইতোমধ্যে কোর্টরুম তৈরি করা হয়েছে। এভাবে জেলা কারাগারগুলোতেও কোর্টরুম চালু করা হবে। অনলাইনের মাধ্যমে মামলাও পরিচালিত হবে। এখন করোনার সময় সরাসরি কোর্ট চালানো মুশকিল। তাই আমরা ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করেছি।’

 

সরকার প্রধান বলেন, ‘প্রত্যেকটি আইন ডিজিটালাইজ করে ফেলা হচ্ছে। যেকোনও মামলার কজ লিস্ট যেটা থাকবে সেটাও অনলাইনে জানা যাবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব কাজ যেন আরও সুন্দরভাবে-সুষ্ঠুভাবে হয়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।’

 

মামলার রায় বাংলায় ছাপাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মামলার রায় ইংরেজিতে বের হয়, সেটাকে বাংলা করে ছাপানোর ব্যবস্থা করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *