Home প্রধান খবর হেফাজতের ঢাকা মহানগরের দায়িত্ব পেলেন মামুনুল হক

হেফাজতের ঢাকা মহানগরের দায়িত্ব পেলেন মামুনুল হক

0
149

নজর২৪ ডেস্কঃ হেফাজতে ইসলামের আলোচিত নেতা মামুনুল হককে ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নোমান ফয়জীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব বিষয় জানানো হয়।

 

ঢাকা মহানগরে সভাপতির দায়িত্ব পেয়েছেন জুনায়েদ আল হাবীব এবং সেক্রেটারি হয়েছেন শায়খুল হাদিস আজিজুল হক হুজুরের ছেলে মামুনুল হক।

 

চট্টগ্রাম মহানগর কমিটিতে তাজুল ইসলামকে সভাপতি এবং লোকমান হাকীমকে সেক্রেটারি ঘোষণা করা হয়েছে। জুনায়েদ আল হাবীব ও মামুনুল হক উভয়ই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে আছেন।

 

গত নভেম্বরে এক ধর্মীয় সভায় রাজধানীর ধোলাইখাল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকি দিয়ে আলোচনায় আসেন মামুনুল। এ সময় দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে বেশ কয়েকটি ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার পূর্ব ঘোষণা দিয়েও যেতে পারেননি তিনি।

 

মামুনুল বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিবেরও দায়িত্বে আছেন, যে রাজনৈতিক দলটি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক দল।

 

গত ২৩ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন হেফাজতের প্রধান উপদেষ্টা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। বৈঠকে আমির জুনাইদ বাবুনগরীসহ হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

২০১০ সালে হেফাজতে ইসলাম নামের সংগঠনটি গড়ে তোলেন কওমী মাদরাসাকেন্দ্রিক ধর্মীয় ব্যক্তিত্ব শাহ আহমদ শফী। গত ১৮ সেপ্টেম্বর আহমদ শফী মারা যান। এরপর ১৫ নভেম্বর প্রতিনিধি সম্মেলন করে হেফাজতে ইসলামের ১৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আমির নির্বাচিত হন আগের কমিটির মহাসচিব জুনাইদ বাবুনগরী। আর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছিলেন নূর হোসাইন কাসেমী, যিনি গত ১৩ ডিসেম্বর মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here