নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ক্যানসারের কাছে হার মানলেন দেশের জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি … রাজিউন)। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন তার পুত্রবধু জাহিদা ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকেই বাবার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর হাসপাতাল থেকে আমাদের ফোন করে ইমার্জেন্সিতে যেতে বলা হয়। আমরা যাওয়ার পর বাবাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না।
অভিনেতার এই পুত্রবধু বলেন, এখন হাসপাতালেই আছেন। পারিবারিকভাবে সবাই সিদ্ধান্ত নেয়ার পর পরবর্তী প্রসিডিউর শুরু করবো।
মৃত্যুকালে আবদুল কাদের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের জনক। এ ছাড়া তিনি রেখে গেছেন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী।
জানা যায়, অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গিয়েছিলেন এ অভিনেতা। সেখানে গিয়ে তার ক্যান্সার ধরা পড়ে। গত ৮ ডিসেম্বর ভারত থেকে দেশে ফেরেন তিনি।
শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় দেশে ফেরার পরই রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার টেস্ট করা হলে গত ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে।





