টাকার বিনিময়ে কমিটি: একসঙ্গে ছাত্রদলের ১৫ নেতার পদত্যাগ

নজর২৪, মানিকগঞ্জ- টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে কমিটিতে রাখা ও সিনিয়র-জুনিয়র না মেনে কমিটি করার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে গোবিন্দল এলাকায় সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিকভাবে ১৫ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

গত ২০ ডিসেম্বর ২১ সদস্য বিশিষ্ট সিংগাইর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ওই কমিটিতে মাহবুবুর রহমান রনিকে আহ্বায়ক ও মিল্টন হোসেনকে সদস্য সচিব করা হয়।

 

তবে সংবাদ সম্মেলনে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না ও কামরুল হাসান শাকিল অভিযোগ করেন, জেলা ছাত্রদল সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরশাদ জ্যাকি এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাতিস হাসানের যোগ সাজেসে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে।

 

তাদের অভিযোগ, রনি ও মিল্টন আওয়ামী লীগ অধ্যুষিত এলাকার বাসিন্দা। দলের প্রতি তাদের কোনো অবদান নেই। অর্থের বিনিময়ে তারা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন। তাই তাদের অধীনে রাজনীতি করা সম্ভব নয় জানিয়ে ওই কমিটির ১০ জন যুগ্ম আহ্বায়ক ও পাঁচজন সদস্য একযোগে পদত্যাগ করেন।

 

জেল, জুলুম, হুলিয়া নিয়ে যারা এখনো ছাত্রদলের রাজনীতি করছেন তাদের দিয়ে নতুন করে সিংগাইর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করার আহ্বানও জানান তারা।

 

এদিকে জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম জানান, টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। যাছাই বাছাই করে যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *