শাহজাদপুরে নারীকে নৃশংসভাবে গলাকেটে হত্যা

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে নারজু খাতুন (৩৫) নামের এক নারীর গলাকাটা লাশ তার বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। নারজু খাতুন বৃ-আঙারু গ্রামের ইসমাইল সরদারের মেয়ে।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙারু নতুন পূর্বপাড়া গ্রামে গিয়ে জানা যায়, ভোরে স্থানীয়রা চলাচল করার সময় নারজু খাতুনের গলাকাটা লাশ তাদের বাড়ির পাশেই রাস্তার ধারে পরে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা লাশটি নারজু খাতুনের বলে শনাক্ত করে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে যেকোন সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে নারজু খাতুনের লাশ বাড়ির পাশে ফেলে চলে যায়। ভোরে এলাকার লোকজন সেখানে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

নিহতের চাচা মো: ঈসা সরদার জানান, নারজু খাতুন অবিবাহিত ছিল এবং সে হাপানী জনিত সমস্যায় প্রায়ই অসুস্থ্য থাকতো।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান। পরবর্তীতে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

 

উল্লেখ্য, জলাশয়কে কেন্দ্র গত বছর দুই গ্রুপের সংঘর্ষে নিজাম গ্রুপের আব্দুল আউয়াল নামে একজন নিহত হয়। সেসময় আউয়ালের পরিবার বাদী হয়ে নারজু খাতুনের স্বজনসহ ৪১ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

নিহত নারজু খাতুনের পরিবারের দাবী, বাড়িতে কেউ না থাকার সুযোগে নারজুকে বসত ঘর থেকে থেকে তুলে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

 

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, ‘বিষয়টি আমরা গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখছি। তদন্ত শেষে জানা যাবে আসলে কে বা কাহারা এই হত্যাকান্ডের সাথে জড়িত আছে। লাশটি উদ্ধার করে ময়ন তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের বিষয়ে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *