মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) সম্মাননা পেলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির ভার্চুয়াল উপস্থিতে এ সম্মাননা ও সনদপত্র হাতে তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন।
সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় এ বছর ঢাকা বিভাগের ১৪ জন কর্মকর্তা এ স্বীকৃতি পেয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে, ৯ ফেব্রুয়ারি যোগদানের পর শুনানির মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পতি, স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদান, সহজীকরণ, সরকারি রাজস্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখসারীর করোনা যোদ্ধার দায়িত্ব পালন করে জেলাজুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।
এ বিষয়ে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, সরকারি স্বার্থ রক্ষার পাশাপাশি সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করি। জেলায় শ্রেষ্ঠ হওয়ায় দায়িত্ব আরো বেড়ে গেল। সামনের দিনগুলোতে ভাল কাজের ধারাবাহিকতা আরো গতিশীল হবে ইনশাআল্লাহ্।
