নজর২৪, ঢাকা- নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানব সেবা সংঘের উদ্যোগে ‘ছাত্র-শ্রমিক সংগ্রাম পরিষদের স্বৈরাচারবিরোধী আন্দোলনে রিজভীর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রথমে মামলা দিচ্ছে। এতে কাজ না হলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। ক্রসফায়ারের নামে হত্যা করছে, গুম করছে। কিন্তু কোনো ব্যবস্থায় কাজ হচ্ছে না। বিএনপি জনগণের দল, বিএনপির স্থান তাদের হৃদয়ে। সুতরাং জনগণের ভালোবাসায় বিএনপি টিকে থাকবে।
রিজভী বলেন, সরকার বন্দুকের নল দিয়ে সাময়িকভাবে জনগণকে বন্দি করে রেখেছে। কিন্তু এভাবে বেশিদিন তাদেরকে দমিয়ে রাখা যাবে না। তারা জেগে উঠছে। দুঃশাসনের অবসান হবেই।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো কারামুক্ত হননি। তথাকথিত মুক্তির নামে তাঁকে গৃহ-অন্তরীণ করে রাখা হয়েছে। তাঁর সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি চাই।
অনুষ্ঠানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার স্মৃতিচারণ করে বক্তব্য দেন রিজভী।
সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেত্রী নাদিয়া পাঠান পাপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপি নেতা মীর হেলাল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, ছাত্রদলের সাজিদ হাসান বাবু, আমিনুর রহমান আমিন প্রমুখ।
