নজর২৪, ঢাকা- শিগগিরই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ নামের রাজনৈতিক সংগঠনের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ কথা জানিয়েছেন নুর।
নুরুল হক নুর বলেন, ‘আজকে দেশে তারুণ্যের যে গণআন্দোলন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে-গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আজকে তরুণ সমাজ নতুন রাজনৈতিক দল গঠনে কাজ করছে বলে অত্যাচার করছেন। আমরা এই অত্যাচার-নিপীড়ন-নির্যাতনের মধ্যেও কাজ করে যাচ্ছি। শিগগির আমাদের দল গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।’
কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ডাকসু হামলার এক বছর উপলক্ষে ‘বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখান থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে কিছুক্ষণ অবস্থান করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ হয়ে পল্টন মোড়ে এসে অবস্থান নেন। পল্টনে এসে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।
এসময় নুরুল হক নুরু বলেন, ‘ডান-বাম সব রাজনৈতিক সংগঠনের ভাইদেরকে বলবো এই সরকার ভীত সন্ত্রস্ত ও ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। তাই তারা আজকে জনগণের মিটিংকেও নিয়ন্ত্রণ করতে চায়।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন এই ডিএমপিতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা ডিএমপির কোনো অনুমতি নিয়ে আজকের সমাবেশ করিনি। আমরা কোনো প্রকার সভা-সমাবেশ করার জন্য এই অবৈধ ভোটারবিহীন সরকার বা ডিএমপির ধার ধারি না।
সংবিধান আমাদেরকে সভা-সমাবেশ ও মিটিং মিছিল করার অধিকার দিয়েছে। সেটা ভোটারবিহীন সরকার কেড়ে নেয়ার কে? তাই আমি সব রাজনৈতিক দলকে বলব সভা-সমাবেশ করার জন্য এই ভোটারবিহীন সরকার বা ডিএমপির কোনো অনুমতি নিবেন না। যদি আপনারা এই সরকারের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করেন, তাহলে আমরা মনে করব আপনারা স্বৈরাচারের আইন-কানুন মানছেন এবং স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন।’
নুর বলেন, ‘সরকার এখন বুঝতে পেরেছে, চতুর্দিক থেকে জনগণ ফুসে উঠেছে। তাই তারা বেপরোয়া হয়ে গেছে। এই বায়তুল মোকাররমে আলেম ওলামাদের উপর কিভাবে হামলা চালিয়েছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ ধর্মীয় শিক্ষা লাভ করে, মানুষ সংশোধন হয়, আলেম ওলামাদের হাত ধরে তওবা করে, গুনাহ এর পথ থেকে ফিরে আসে। কিন্তু এই সরকার আজকে ভাষ্কর্য নাটক তৈরি করে সারা বাংলাদেশে আলেমদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে।’
