নজর২৪, ঢাকা- নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের ওপর দেশের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টি চায় নির্বাচন কমিশন যেন প্রতিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষা, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক করতে পারে। স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেন নির্বাচন কমিশন প্রভাব ও হস্তক্ষেপ মুক্তভাবে কাজ করতে পারে।
‘সম্প্রতি অনুষ্ঠিত ধানমন্ডি এলাকায় উপনির্বাচনে মাত্র শতকরা ২ভাগ ভোট পড়েছে এবং ডেমরা এলাকায় ভোট পড়েছে মাত্র শতকরা ১০ ভাগ। অথচ আওয়ামী লীগ ও বিএনপি দাবি করে তাদের কারও ৩৫, আবার কারও ৪০ ভাগ ভোট রয়েছে। এতে প্রমাণ হয় নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়’, বলেন জাপার এ নেতা।
দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনা প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “মহামারি আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। হাসপাতালে সিট নেই, চিকিৎসা নেই। এখন মানুষ বাঁচানোই সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। তিন কোটি ভ্যাকসিন বুকিং দিয়েছে সরকার, তা তিন কোটি মানুষ পাবে নাকি দেড় কোটি মানুষ দু’টি করে ডোজ পাবে তা পারিস্কার নয়।”
হুসেইন মুহম্মদ এরশাদ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করেছিলেন। তাই দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসন ফিরে পেতে চায়। জাতীয় পার্টি আগামী নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ভোট বিপ্লবের মাধ্যমে দেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে আর্বিভূত হবে বলেও উল্লেখ করেন তিনি।
