নজর২৪, ঢাকা- বর্তমান সরকারের আমলে সীমান্তহত্যা অনেক কমেছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, এখন বিএনপি সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কালো ব্যাজ ধারণ করছে। বিএনপিকে অনুরোধ জানাবো, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন সীমান্তহত্যা কি পরিমাণ ছিল। আর এখন কোন পর্যায়ে আছে। সেই পরিসংখ্যানটা একটু খতিয়ে দেখার জন্য। তাদের সময় সীমান্তে যে পরিমাণ হত্যা হতো, তার চেয়ে সীমান্তহত্যা এখন অনেক কমেছে। আমাদের সরকার চেষ্টা করছে এ সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে। সেজন্য আগামীকাল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আপনারা কালো ব্যাজ ধারণ করে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন। আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সৈনিক হত্যা করেছেন। এসবের আপনাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আপনাদেরতো কালোর পরিবর্তে লাল ব্যাজ ধারণ করা উচিত। কারণ আপনারা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। রাজনৈতিক কারণে এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা সমসাময়িক পৃথিবীতে কোথাও ঘটে নাই।
কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরে বাণিজ্যের বিষয়ে যে অভিযোগ এসেছে সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘যারা নিজেদের কমিটি গঠনে বাণিজ্য করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়।’
সে সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জনগণ পাশে থাকলে কোনো অপশক্তি ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
