নজর২৪ ডেস্ক- আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭২.৬৫। ছাত্রদের পাশের হার ৮২.১০ আর ছাত্রীদের পাশের হার ৫৭.২১।
শনিবার (১৯ ডিসেম্বর) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সভায় এ ফলাফল অনুমোদন করা হয়।
কওমী মাদরাসার সর্বোচ্চ ক্লাশ দাওরায়ে হাদীসের (মাস্টার্স) প্রকাশিত এ ফলাফলে দেখা গেছে – ছাত্রদের মধ্যে মেধাতালিকায় প্রথম স্থান পেয়েছে হাটহাজারী মাদরসার একজন ছাত্র। দ্বিতীয় স্থান পেয়েছে পটিয়া মাদরাসার একজন ছাত্র।
মেধাতালিকায় ছাত্রদের মধ্য শীর্ষে রয়েছেন চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শরীফ মোহাম্মদ ইসমাইল, রোল নং ৫৩৫২।
মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সাকের উল্লাহ, রোল নং ২৩৮৯।
মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন; বগুড়ার আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলূম কারবালা মাদরাসার জোবায়ের আহমদ, রোল নং ১০৭৯ ও নারায়ণগঞ্জের জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি মাদরাসার মো: আবু নাঈম, রোল নং ১০৩৪১।
এদিকে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছেন মোসাম্মৎ নাঈমা হুসাইন, তার রোল নং ২১৫৩৭। তিনি ঢাকার ফাতেমাতুজ্জুহরা (রা.), সাত মসজিদ হাউজিং, মোহাম্মদপুর মাদরাসার ছাত্রী।
মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছেন ঢাকার জামি’আ মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া মিরপুর আজমা মহিলা মাদরাসার মারিয়া তাবাস্সুম, যার রোল নং ২১৬৪৫।
ছাত্রীদের মধ্যে যথাক্রমর ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন; ময়মনসিংহের মিফতাহুল জান্নাত গলগন্ডা মহিলা মাদরাসার সানজিদা সাউদা, রোল নং ১৮৯৪০ এবং শরীয়তপুরের বেগম লুৎফুন্নেছা মহিলা মাদরাসার সাওদা আখতার, রোল নং ১৯৪৫৪।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের ২০১৮ সনের ৪৮ নং আইনে কওমী মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদান করা হয়।
এবছর পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১।
