মৌলবাদীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে: ফারুক খান

নজর২৪, ঢাকা- উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে দেশবাসীকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।

 

তিনি বলেন, ‘ধর্মহীন নয় বরং ধর্মনিরপেক্ষতার পক্ষে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের প্রকৌশলীরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

 

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কাউন্সিল হলে ‘সংগ্রাম ও স্বাধীনতা, স্বনির্ভরতা এবং সমৃদ্ধি’ বিষয়ক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

 

প্রকৌশলীদের দেশের সোনার সন্তান অভিহিত করে ফারুক খান বলেন, ‘দেশের প্রকৌশেলীরা পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রীও যার প্রশংসা করেছেন। তবে প্রধানমন্ত্রী দেশের প্রকৌশলীদের প্রকল্প সময়মতো এবং মানসম্পন্নভাবে শেষ করারও তাগিদ দেন। দেশের প্রকৌশলীরা প্রধানমন্ত্রীর ঘোষিত সব পরিকল্পনা বাস্তবায়নে সব সময় সামনের সারিতে থাকবেন বলে আশা প্রকাশ করেন।’

 

এ সময় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করা মানে বাংলাদেশের স্বাধীনতা, দেশের জনগণের ওপর আঘাত। জাতির পিতার ভাস্কর্যের ওপর আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না।’

 

তিনি বলেন, ‘দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই ভাস্কর্যে আঘাত করেছে মৌলবাদী গোষ্ঠী। দেশের প্রকৌশল সমাজ প্রযুক্তি, উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রাকে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার মাধ্যমে এর সমোচিত জবাব দেবে।’

 

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি এবং ডুয়েটের উপাচার্য, অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), আইইবি প্রকৌশলী মো. নুরুজ্জামান প্রমুখ।

 

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আব্দুল জব্বার খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *