নজর২৪, ঢাকা- গণফোরামের সভাপতি ও অন্যতম সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ভাস্কর্য কোনো বিতর্কের বিষয় নয়। এটা সেটেল ইস্যু। যে পটভূমিতে ভাস্কর্য নিয়ে বিতর্ক হচ্ছে, সে পটভূমিতে ভাস্কর্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বেইলি রোডে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ভাস্কর্য নিয়ে যতটা ক্লারিফাই করার চেষ্টা করা হবে, ততটা ঘোলাটে হবে। ধর্মের সঙ্গে ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই।
ভাস্কর্যের বিরোধিতার ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, এটা ধর্মের অপব্যবহার, আর কিছু না। জাতিকে বিভক্ত করার জন্য এটা করা হচ্ছে।
গণফোরাম নেতা বলেন, ‘দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ এ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে মাঠে কাজ করবো।’ এজন্য কর্মীসভা করার কথা জানান কামাল হোসেন।
গণফোরামে ভাঙন নিয়ে ড. কামাল বলেন, ‘দলে কোনও সমস্যা নেই। এমন কিছুই হয়নি। যদি থেকেও থাকে সেটি এখন নেই।’
সভায় দলের সিনিয়র নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অধ্যাপক আবু সায়ীদ সাহেব, সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া আইসোলেশনে। এই কারণে তারা সভায় উপস্থিত হতে পারেননি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের নেতা মোস্তফা মোহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান, শফিকুল্লাহ, মহসীন রশিদ প্রমুখ।
