মহামারির মধ্যেই ওমরাহ পালন করলেন ১০ লাখের বেশি নারী

ধর্ম ও জীবন ডেস্ক- ধীরে ধীরে বাড়ছে ওমরাহ পালনকারীর সংখ্যা। এ থেকে পিছিয়ে নেই নারীরাও। মহামারি করোনার কারণে প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে পুনরায় ওমরাহ শুরু হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত গত ২ মাসে ১০ লাখেরও বেশি নারী ওমরাহ পালন সম্পন্ন করেছেন। খবর সৌদি গেজেট ও গালফ নিউজ।

 

পবিত্র নগরী মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের নারী উন্নয়ন বিভাগের সূত্রে জানাগেছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ৮ মাস ওমরাহ বন্ধ থাকার পর ৪ অক্টোবর (২০২০) থেকে সীমিত পর্যায়ে চালু হয় পবিত্র ওমরাহ। এরপর থেকে গত দুই মাসে ১০ লাখেরও বেশি নারী পবিত্র ওমরা পালন করেছেন।

 

সৌদি আরবের নারীবিষয়ক প্রশাসনিক উপ-সহকারী প্রধান ড. কেমেলিয়া বিনতে মুহাম্মাদ আল দাদি জানান, ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ওমরা চালুর প্রথম ধাপে ২৬ হাজার ২০৯ জন নারী ওমরা পালন করেন। দ্বিতীয় ধাপে (১৮-৩১ অক্টোবর) ওমরাহ পালন করেন ৩ লাখ ২৬ হাজার ৬০৩ জন নারী।

 

এখন চলছে তৃতীয় ধাপের ওমরাহ পালন। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ইবাদতের জন্য আসেন ৬ লাখ ৬৯ হাজার ৮১৮ জন নারী।

 

নারী প্রশাসনিক কর্মকর্তা ড. আল দাদি আরও জানান যে, ওমরাহ হজ পালনের তিনটি ধাপেই ওমরাহ পালনকারী সৌভাগ্যবতী নারীদের প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধা এবং তাদের প্রাথমিক প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়।

 

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে উমরা পালন বন্ধের বিরল ঘোষণা দেয় সৌদি আরব। এর প্রায় সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে কয়েক ধাপে উমরা চালু করা হয়েছে। করোনার কারণে এ বছর মোট ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়।

 

এ পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৬০ হাজার ৩৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৬০ জনের মতো। শনাক্ত ব্যক্তিদের প্রায় সবাই সেরে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *