রংপুরে দ্বিতীয় বিয়েতে বাঁধা দেয়ায় স্ত্রীকে হত্যা !

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ কালীগঞ্জ গ্রামে স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়েতে বাধা দেয়ায় নাসরিন বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

 

শনিবার দুপুরে স্বামী রাজু মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক স্বামীসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রংপুর নগরীর দমদমা লক্ষণপাড়া গ্রামের ইলিয়াছ মুনশির মেয়ে নাসরিন বেগমের সঙ্গে পারিবারিকভাবে ৬ বছর আগে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ তকেয়া কেশবপুর এলাকার তালেব মিয়ার ছেলে রাজু মিয়ার বিয়ে হয়।

 

বিয়েতে যৌতুক হিসেবে রাজু মিয়াকে ২ লাখ টাকা দেয়া হয়। এসব টাকা মাদক ও জুয়া খেলে শেষ করেন রাজু। পরে আবারও স্ত্রী ও তার পরিবারের কাছে যৌতুকের টাকা দাবি করেন। না পেয়ে স্ত্রীর ওপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন।

 

এরইমধ্যে রাজু একই উপজেলার বদলীপুকুর গড়েরপাড় গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। এতে রাজু আরও বেপরোয়া হয়ে ওঠেন। গোপনে ওই নারীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এতে নাসরিন বাধা দিলে তাকে নির্যাতন করেন রাজু।

 

শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে রাজু তাকে পিটিয়ে হত্যা করে ঘরের তীরে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

নিহতের বাবা ইলিয়াছ মুনশির দাবি, তার জামাই রাজু মাদকাসক্ত বিয়ের পর থেকেই তাদের মেয়েকে নির্যাতন করতেন। বিভিন্ন নারীর সঙ্গে তার পরকীয়া সর্ম্পক ছিল। শুক্রবার রাতে নাসরিনকে হত্যা করে লাশ ঘরের তীরে ঝুলিয়ে রেখে পালিয়েছেন রাজু।

 

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *