বগুড়া প্রতিনিধি: বগুড়ার পান্না স্টোর নামক দোকানে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ যৌন উত্তেজনামূলক পানীয় জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিক পান্না মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে বগুড়া শহরের ছাতাপট্টি এলাকায় ‘পান্না স্টোর’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালান সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা। অভিযানে পান্না স্টোর থেকে ৩৬০ পিস যৌন উত্তেজনামূলক পানীয় পাওয়া যায়। এসবের মধ্যেছিল, জিনসিন ও লায়ন নামের সিরাপ।
এ তথ্য নিশ্চিত করেছেন পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী। জব্দ করা যৌন উত্তেজনামূলক পানীয়গুলো অভিযানের পরপরই পৌরসভায় নিয়ে রোলার গাড়ির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
