ঘাটাইলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী গ্রামের গত বুধবার রাতে আমানুর রহমান রানা সমর্থিত ছাত্রলীগের চার কর্মীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে জোড়দিঘী বাজার এলাকায় কয়েকশো নারী-পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এসময় প্রতিবাদকারীরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। উক্ত সন্ত্রাসী হামলায় আহতরা হলেন জোড়দিঘী গ্রামের সুধন মাস্টারের ছেলে প্রণব বর্মন (১৭)  মিজানুর রহমানের ছেলে মামুন(১৮) কিনু মিয়ার ছেলে হাবিবুর(১৮) জগদিশ বর্মনের ছেলে আকাশ বর্মন(১৭)। এরা বর্তমানে মুমূর্ষু  অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খানের বিজয় শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে জোড়দিঘী নামক স্থানে পৌঁছালে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পথরোধ করে এলোপাতাড়ি মারপিট ও মাথায় আঘাত জনিত কারণে তারা গুরুতর আহত হয়।

 

অভিযোগ উঠেছে সাগরদিঘী ইউনিয়ন চেয়ারম্যান হেকমত শিকদারের নেতৃত্বে উক্ত সন্ত্রাসী হামলার সূত্রপাত। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

মানববন্ধনটি জোড়দিঘী ছাকেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে হাজারো লোকের উপস্থিতিতে জোড়দিঘী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মানববন্ধন শেষে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করেঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

 

এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম মুঠোফোনে বলেন,  আমি ঘটনাটি শুনেছি কিন্তু এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *