মো.সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আসছে নতুন বছরের তৃতীয় কিংবা চতুর্থ ধাপে টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। মির্জাপুর পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা জোরপ্রচেষ্টা শুরু করে দিয়েছেন।
দলীয়প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা আঃলীগ ইতিমধ্যে বাছাই কার্যক্রম শুরু করেছে বলে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-০৭ আসনের সংসদ সদস্য ও উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ একাব্বর হোসেন, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌর আঃলীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়ার যৌথ স্বাক্ষরিত একটি প্যাডে ৬ প্রার্থীর তালিকা তৈরি করে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ বরাবর পাঠানো হয়েছে।
দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন- বর্তমান মেয়র ও পৌর আঃলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. মোশারফ হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শিপলু, পৌর আঃলীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, পৌর আঃলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শহীদুর রহমান শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা আঃলীগের দফতর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান মুঠো ফোনে বলেন, মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপজেলা থেকে ৬ প্রার্থীর নামের তালিকা হাতে পেয়েছি। যাচাই-বাছাই করে দু’একদিনের মধ্যে তাদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হবে। প্রসঙ্গত “২০০১ সালে প্রথম পৌর মেয়র নির্বাচনে আবুল কাশেম কাচ্ছেদ ও শহীদুর রহমান শহীদকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মোশারফ হোসেন মনি। ২০১১ সালে দ্বিতীয় নির্বাচনে স্থানীয় আঃলীগের কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনীত হন প্রয়াত সুমন।
তবে কাউন্সিলরদের ভোটে পরাজিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে সেই নির্বাচনে মোশারফ হোসেন মনিও নির্বাচনে অংশ নেয়। উক্ত নির্বাচনে সর্বদলীয় নাগরিক ঐক্যের ব্যানারে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন শহীদ। তবে ২০১৫ সালে তৃতীয় নির্বাচনে বিএনপ’র প্রার্থী ধানের শীষ প্রতীকে হযরত আলী মিয়াকে পরাজিত করে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন প্রয়াত মেয়র সুমন”। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন মেয়র সুমন। মেয়র পদ শূন্য হওয়ার পর উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় প্রয়াত মেয়র সুমনের সহধর্মিনী সালমা আক্তার মেয়র নির্বাচিত হন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬শত ৫২ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ১শত ৯১ জন ও নারী ভোটার ১১ হাজার ৪শত ৬১ জন।
