এমপি পাপুলের স্ত্রী-কন্যাকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নজর২৪, ঢাকা- অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের মামলায় কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সাংসদ সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

 

এর আগে গত ২৬ নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের মামলায় কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

 

আদালতে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম। জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

 

পাপুল কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর গত ১১ নভেম্বর তার এবং তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে অভিযোগ করা হয়, পাপুলের শ্যালিকা জেসমিন দুই কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

 

এছাড়া ‘কাগুজে প্রতিষ্ঠানের’ আড়ালে জেসমিন পাঁচ ব্যাংকের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ১৪৮ কোটি টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন বলে অভিযোগে বলা হয়। এসব কাজে পাপুল, তার স্ত্রী ও মেয়ে সহযোগিতা করেছেন উল্লেখ করে তাদেরও আসামি করা হয়।

 

গত ফেব্রুয়ারি মাসে পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার, হুন্ডি ব্যবসা, মানব পাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে কুয়েতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর স্বতন্ত্র এই এমপি ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

 

এরপর ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ আবাসিক এলাকার বাসা থেকে পাপুলকে গ্রেপ্তার করে দেশটির সিআইডি কর্মকর্তারা। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়। পাপুল মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক। কুয়েতে তার স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে।

 

দুদকের নথি অনুযায়ী, শ্যালিকা জেসমিনের নামে এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ নিয়ে দুটি বিলাসবহুল গাড়ি কিনে পাপুল ও তার পরিবারের সদস্যরা ব্যবহার করেন। ওই ব্যাংকে পাপুলের নামে ৪০ কোটি, ওয়াফার নামে ১০ কোটি ও সেলিনার নামে ২০ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় সেলিনার ছয়তলা বাড়ি আছে। শ্যালিকা জেসমিনের নাম ব্যবহার করে ‘দিগন্ত মিডিয়ায়’ বেনামে পরিচালক হিসেবে বিনিয়োগ করেন পাপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *