হেফাজতকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করার ডাক আ. লীগের

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামসহ মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তিকে সম্মিলিতভাবে চট্টগ্রাম থেকে বিতাড়িত করার ডাক দিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

 

বুধবার বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা।

 

সমাবেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের কাঙ্খিত মাইলস্টোন স্পর্শ করতে যাচ্ছে ঠিক তখনই পাকিস্তানি প্রেতাত্মা বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক জাতির জনকের ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে বিভ্রান্তির অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।

 

ইসলামের ফতোয়া দিয়ে দেশে অপতৎপরতা সৃষ্টি করছে। তাদের ইন্ধনেই কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। ধর্মপ্রাণ মানুষকে ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্ত করা হয় তাহলে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ শক্তিতে হেফাজতে ইসলাম ও তাদের দোসরদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করা হবে।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রতিঘাত সইতে সইতে একটি অর্জন ও সাফল্যের হীরকখণ্ড। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা স্বাধীনতার বিরুদ্ধে একটি বড় আঘাত। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা স্বাধীনতাবিরোধীদের নীলনকশা। তাই আবার মুক্তিযুদ্ধের হাতিয়ার জেগে উঠুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *