নজর২৪ ডেস্ক- বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে এ রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, সংবিধান ও দেশের বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা জাসদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শুরু করে কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে।
হাসানুল হক ইনু বলেন, ‘সব সময় তারা বাংলাদেশের বিপক্ষে ভূমিকা রেখেছে। গভীর চক্রান্তের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত, জঙ্গি-রাজাকারের ভাড়াটে হিসেবে এখন তারা ভাস্কর্যের বিপক্ষে হুংকার ছাড়ছে।’
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইনু বলেন, ‘এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ অভিযোগে গ্রেপ্তার প্রত্যেককে সাজা দেয়া বাঞ্ছনীয়। এদের কোনো রকম ছাড় দেয়ার জায়গা নেই।’
এদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুই মাদরাসা শিক্ষার্থী ও দুই শিক্ষকের পুলিশ রিমান্ড বুধবার থেকে শুরু হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের হেফাজতে নিয়েছে পুলিশ।’





