রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের ২নং গাড়াদহ ইউনিয়নে ৪০ দিনের কর্মসুচির কাজের ফলে প্রাণ ফিরে পাচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। গ্রামের বাসিন্দাদের চলাচলের চলাচলের সরু রাস্তা গুলো প্রশস্ত হওয়ার ফলে অনেক দুর্গম এলাকায় এখন যানবাহন চলাচল করার সম্ভাবনা দেখা যাচ্ছে । পিছিয়ে পড়া গ্রামগুলোর উন্নয়নে গতি ফিরে পেয়েছে। অপরদিকে অবহেলিত গ্রাম গুলোর ভাঙা রাস্তা মেরামত ও নতন রাস্তা নির্মাণ চলছে।
গত বুধবার(৯ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ, বাড়ই টেপড়ি ও মশিপুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রমিকরা মাটি ফেলে নতুন রাস্তা নির্মাণের কাজ করছে। অনেক স্থানের ভাঙা রাস্তায় মাটি দিয়ে ভরাট করতেও দেখা যায়।
গাড়াদহ ইউনিয়নের সচিব মোঃ আজাদ হোসেন জানান, গত ২১ নভেম্বর থেকে অত্র ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচীর কাজ শুরু হয়েছে। এখানে নিবন্ধিত ৪৪৯ জন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে।
গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, যে সকল এলাকায় রাস্তার অভাবে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে সেই সকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে ৪০ দিনের কর্মসূচীর মাধ্যমে নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আমরা শতভাগ কাজ করে যাওয়ার চেষ্টা করছি।
