বাবুনগরী-মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জামায়াতের

নজর২৪, ঢাকা- ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে দেশবরেণ্য আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।

 

বিবৃতিতে তিনি বলেন, ‘ভাস্কর্য ও মূর্তিবিরোধী বক্তব্য দেয়ার কারণে দেশবরেণ্য আলেমে দ্বীন হেফাজতে ইসলামের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে সোমবার রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

 

একই সময়ে মাওলানা মামুনুল হককে আসামি করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা দেশবরেণ্য এসকল আলেমে দ্বীনের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

 

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে মূর্তি ও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় আলেমদের নামে মামলা দায়েরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভাস্কর্য ও মূর্তি নির্মাণকে ইসলামী শরিয়তে নিষিদ্ধ করা হয়েছে। দেশের আলেম, ওলামা ও আপামর মুসলিম জনতা ভাস্কর্য ও মূর্তির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেছে।

 

দেশবাসীর প্রত্যাশা ছিল মুসলিম জনতা ও ইসলামী শরীয়তের প্রতি সম্মান প্রদর্শন করে ভাস্কর্য নির্মাণের মতো গর্হিত কাজ থেকে সরকার বিরত থাকবে। কিন্তু উল্টা দেশবরেণ্য আলেমদের বিরুদ্ধে মামলা দায়ের করে অন্যায় করা হয়েছে। আমরা মনে করি, ইসলাম ও ইসলামী রাজনীতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে শুধুমাত্র রানৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

 

এ সময় আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় ও দেশবরেণ্য আলেমদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

 

প্রসঙ্গত, জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেওয়ায় হেফাজতে ইসলামের নেতা জুনাইদ বাবুনগরী, মামুনুল হক এবং সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে সোমবার রাষ্ট্রদ্রোহের দুই মামলা হয়েছে।

 

এর মধ্যে একটি মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দণ্ডবিধির ১২০ (খ) (১)/১২৪ (ক)/ ৫০৫ (ক) ধারায় করা এ মামলায় হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে আসামি করা হয়েছে।

 

দ্বিতীয় মামলাটি করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। দণ্ডবিধির ১২০ (খ)/১৫৩/১২৪ (ক)/ ধারার এ মামলায় আসামি করা হয়েছে কেবল মামুনুল হককে, যিনি হেফাজতে ইসলামের নতুন কমিটিতে যুগ্ম মহাসচিবের দায়িত্বে আছেন। আদালত মামলা দুটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *