ভাস্কর্য ভাঙচুরের পেছনে মদতদাতা হেফাজত: ছাত্রলীগ

নিউজ২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের প্রত্যক্ষ মদদে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

 

ভাস্কর্য ভাঙচুরের পেছনে হেফাজতকেই ‘প্রত্যক্ষ মদতদাতা’ উল্লেখ করে কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটি স্বাধীনতাবিরোধি জামায়াতে ইসলামকে ‘হেফাজত’ করছে বলেও অভিযোগ এই ছাত্রনেতার।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে রবিবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয়। গত শুক্রবার রাতের আঁধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ।

 

হেফাজতে ইসলামকে জঙ্গিবাদের উস্কানিদাতা হিসেবে উল্লেখ করে সমাবেশে জয় বলেন, ‘আপনারা হেফাজতে ইসলাম, কিন্তু আপনারা কাদের হেফাজত করছেন? আপনারা আসলে জামায়াতে ইসলামির হেফাজত করছেন। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। কিন্তু শ্রদ্ধার সে জায়গায়টিতে আপনারা আঘাত হেনেছেন। আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার জন্য প্রত্যক্ষ মদদ দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *