নজর২৪ ডেস্ক- বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবর্তনের ডাক আসছে। এজন্য আমাদেরকে তৈরি হতে হবে।
রোববার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ‘স্বৈরাচারের পতন ও গণতন্ত্র মুক্তি’ দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের দায়িত্ব অনেক বেশি। এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের জাতিকে ত্রাণ করতে হবে, বের করে আনতে হবে। আমি অত্যান্ত সাহসের সঙ্গে একটা কথা বলতে চাই, আমাদের গ্রামের মানুষেরাও কিন্তু শক্তি এবং সাহস হারায়নি। আপনি গ্রামে যাবেন, তাদের জিজ্ঞাসা করবে। সবাই বলছে যে, কবে পরিবর্তন হবে, কবে ডাক আসবে? সেই ডাক আসছে। আমাদেরকে তৈরি হতে হবে।
“এই আবদ্ধ ঘরের মধ্যে নয়, উন্মুক্ত আকাশের মধ্যে, রাজপথে আমাদের বীর সৈনিকেরা যেভাবে অসম্ভবকে সম্ভব করেছিলেন, যেভাবে সমস্ত অন্যায়কে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, অসুন্দরকে পরাজিত করে সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমাদের তরুণ জেনারেশনকে সেভাবে এগুতে হবে।”
দেশে গণতন্ত্র নেই। সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশে আবার ৬ ডিসেম্বর দরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশেই গণতন্ত্র ভালো অবস্থায় নেই। তিনি প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের উদাহরণ দেন।
কুষ্টিয়াতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাকে চক্রান্ত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। দেশে যারা আবারও উদোরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদের পেছনে ফেলে দিতে চায়, তারাই নির্যাতন করে। বর্তমান সময়ে যত অপকর্ম, আপনারা ছাড়া কে করতে পারে। অন্যরা তো সুযোগই পাচ্ছে না।’
নিজ দলের অবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, তাঁদের চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অনেক নেতা–কর্মী মামলায় জর্জরিত।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্র বলে কিন্তু কাজ করে উল্টো। আওয়ামী লীগের রক্তের মধ্যেই গণতন্ত্র নেই। ওদের ডিএনএর মধ্যে আছে নির্যাতন–নিপীড়নকারী।’
গোটা জাতি কারাগারে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন যে লড়াইটা লড়ছি, তা শুধু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে না। দুর্বৃত্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছি। সঙ্গে আবার করোনাভাইরাস। এ লড়াইয়ের মধ্যে দিয়ে এগোতে হবে।’
বিভিন্ন দুর্নীতি ও লুটপাটের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নাম এখন নিখিল বাংলাদেশ লুটপাট লীগ।’ কানাডায় যাঁরা টাকা পাচার করেছেন এবং সম্পদ গড়ে তুলেছেন, তাঁদের নাম প্রকাশের দাবি জানান তিনি।
ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন প্রমুখ।
